১৫ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতির ভোট প্রদানের দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়। এটি ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ধারণ করা ও প্রকাশিত। অন্যদিকে, ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোট দিয়েছেন এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

ফ্যাক্টচেক

আরিফ মনোয়ার

2/24/20261 মিনিট পড়ুন

দাবিঃ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয় যে, ১৫ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দাবির সূত্রপাতঃ

উক্ত দাবিটি ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে প্রচারিত হয়। ভিডিওটিতে দেখা যায়, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিতে যাচ্ছেন—এ দৃশ্য দেখিয়ে দাবি করা হয় যে এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘটনা।

এই ভিডিওটি সিলেট নিউজ ওয়ান (Sylhet News1) নামের একটি ফেসবুক পেজে ১৫ ফেব্রুয়ারি (রোববার) পোস্ট করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিলো, ‘সাবেক রাষ্ট্রপতি ছিলেন, অথচ তিনিও ১৫ বছর পরে ভোট দিলেন।’ মুহুর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে ভিডিওটি। এখনো পর্যন্ত ভিডিওটি ১.৪ কোটি মানুষ দেখেছেন এবং ২২ হাজারের বেশি মানুষ শেয়ার করেছেন। (ভিডিও লিংক)

অনেক ফেইসবুক পেজ,গ্রুপ ও ব্যক্তিগত আ্যকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আওয়ামীলীগ শাসনামলে ভোট দেওয়ার সুযোগ পাননি।

অনুসন্ধানঃ

দাবিটির সত্যতা যাচাই করতে আলোচ্য ভিডিওটি থেকে প্রাসঙ্গিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে দেখা যায়, ভিডিওটির পূর্ণাঙ্গ সংস্করণ পাওয়া যায় নাগরিক টিভি–এর ইউটিউব চ্যানেলে।

নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে “নাতনিকে নিয়ে ১৫ বছর পর ভোট দিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ” ক্যাপশনে ভিডিওটি প্রকাশ করা হয় ৭ জানুয়ারি ২০২৪ তারিখে। ওই সময় বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। (ভিডিও লিংক)

এছাড়া সে সময় যুগান্তর , সময় টিভি সহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ১৫ বছর পর দুই নাতনিসহ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন আবদুল হামিদ। এর আগে তিনি সর্বশেষ ভোট দিয়েছিলেন ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে।পরবর্তী সময়ে ২০১৩ ও ২০১৮ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংবিধান অনুযায়ী তিনি ওই ১০ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

এছাড়াও, ভিডিওটি সিলেট নিউজ ওয়ান নামক পেজ থেকে পোস্ট করার পর ১৬ ফেব্রুয়ারি ক্যাপশন পরিবর্তন করে দেওয়া হয়। যেখানে আগে ভিডিওটি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উল্লেখ না থাকলেও,পরিবর্তিতে ক্যাপশ্ন এডিট করে এই বিষয়টি যোগ করা হয়। অন্যদিকে, ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোট দিয়েছেন—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, দাবিটি বিভ্রান্তিকর। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়। এটি ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ধারণ করা ও প্রকাশিত একটি ভিডিও। পুরোনো ভিডিওকে ভিন্ন সময়ের ঘটনা হিসেবে উপস্থাপন করে দাবি করায় এটি বিভ্রান্তি সৃষ্টি করেছে।


চেক পয়েন্ট

সঠিক সিদ্ধান্তের জন্য নির্ভরযোগ্য তথ্য যাচাই

আমাদের অনুসরণ করুন

verify@check-point.info

Copyright © 2025-26 CheckPoint

ইমেইল করুন