টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হচ্ছেন তামিম ইকবাল দাবিটি গুজব
ভাইরাল দাবিটি যাচাই করে দেখা যায়, সাবেক ক্রিকেটার তামিম ইকবাল নিজেই সামাজিক মাধ্যমে জানান মন্ত্রী হওয়ার কোনো প্রস্তাব তিনি পাননি এবং প্রচারিত খবরটি সম্পূর্ণ মিথ্যা। পরবর্তীতে একাধিক গণমাধ্যম, যেমন দৈনিক সমকাল, বিষয়টি গুজব বলে নিশ্চিত করে। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বা অন্য কোনো সরকারি সূত্র থেকেও এ ধরনের নিয়োগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে দাবিটি ভিত্তিহীন হিসেবে প্রতীয়মান হয়।
ফ্যাক্টচেক
আরিফ মনোয়ার
2/15/20261 মিনিট পড়ুন


দাবিঃ
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, সাবেক জাতীয় ক্রিকেটার তামিম ইকবাল টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।
দাবির সূত্রপাতঃ
“টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তামিম ইকবাল!” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে দেশ রূপান্তর। প্রতিবেদনে বলা হয়, সূত্রের তথ্য অনুযায়ী সাবেক ফুটবলার আমিনুল হককে যুব ও ক্রীড়া মন্ত্রী এবং তার পর প্রতিমন্ত্রী হিসেবে তামিম ইকবালকে আনার সম্ভাবনা রয়েছে।
পরবর্তীতে একই তথ্যের সূত্র ধরে ডেইলি বাংলা পোস্ট সহ বিভিন্ন অনলাইন মাধ্যম ও ফেসবুক পেজে দাবিটি দ্রুত ছড়িয়ে পড়ে।
অনুসন্ধানঃ
দাবিটি ভাইরাল হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তামিম ইকবাল এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, তাকে ঘিরে প্রচারিত খবর সম্পূর্ণ মিথ্যা এবং তিনি এ ধরনের কোনো প্রস্তাব পাননি। ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।
পরবর্তীতে একাধিক মূলধারার সংবাদমাধ্যম স্বাধীনভাবে বিষয়টি যাচাই করে একই তথ্য প্রকাশ করে।
যমুনা টিভি, দৈনিক সমকাল এবং চট্টগ্রাম খবর তাদের প্রতিবেদনে উল্লেখ করে, সামাজিক মাধ্যমে ছড়ানো মন্ত্রী হওয়ার গুঞ্জনের কোনো বাস্তব ভিত্তি নেই এবং তামিম নিজেই তা নাকচ করেছেন।
সরকারি সূত্র যাচাইঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ বা অন্য কোনো নির্ভরযোগ্য সরকারি সূত্র থেকেও তামিম ইকবালকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো প্রজ্ঞাপন, ঘোষণা বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া।
নির্ভরযোগ্য সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো সূত্রে তথ্যের সত্যতা না থাকা এবং সংশ্লিষ্ট ব্যক্তির সরাসরি অস্বীকৃতির কারণে তামিম ইকবালকে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী করা হচ্ছে—এ দাবিটি মিথ্যা, বিভ্রান্তিকর এবং গুজব।
