‘শবনম খাদিজা শহীদ শরীফ ওসমান হাদির বোন’এই দাবি অপপ্রচার ও অসত্য।
হাদির পরিবারের সদস্যদের প্রকাশ্য বক্তব্য, ইনকিলাব মঞ্চের দায়িত্বশীল ব্যক্তির মন্তব্য এবং সংবাদমাধ্যমের অনুসন্ধান পর্যালোচনায় দেখা যায়, নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়া নারী ‘ শবনম খাদিজা’ হাদির বোন এমন দাবির পক্ষে কোনো প্রমাণ নেই।
ফ্যাক্টচেক
আরিফ মনোয়ার
2/8/20261 মিনিট পড়ুন


দাবিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ভিডিও বক্তব্যে দাবি করা হচ্ছে, আজ ৮ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়া নারী শবনম খাদিজা শরীফ ওসমান হাদির বোন। তবে চেকপয়েন্টের অনুসন্ধানে উঠে এসেছে, এই দাবি সত্য নয় এবং বিভ্রান্তিকর।
দাবির উৎসঃ
ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে শবনম খাদিজা নামের এক নারী নিজেকে শহীদ শরীফ ওসমান হাদির বোন পরিচয় দিয়ে বক্তব্য দেন এবং নাহিদ ইসলামের পক্ষে ভোট চান। সমাবেশে জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমানও উপস্থিত ছিলেন। ওই বক্তব্যের ভিডিও ও বক্তব্যের অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফেসবুক পোস্ট, ভিডিও ক্লিপ ও শেয়ারের মাধ্যমে দাবিটি দ্রুত ভাইরাল হয়।
সত্যতা যাচাইঃ
দাবিটির সত্যতা যাচাই করতে চেকপয়েন্ট শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের প্রকাশ্য বক্তব্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের মন্তব্য এবং একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা করে।
শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে স্পষ্টভাবে জানান, সমাবেশে বক্তব্য দেওয়া নারী শবনম খাদিজা তাদের পরিবারের কেউ নন এবং তিনি হাদির বোন নন। পোস্টে তিনি ওই নারীকে ‘ভুয়া’ বলেও উল্লেখ করেন।
ওসমান হাদির স্ত্রীর পোস্টের লিংক, এখানে।
এ ছাড়া ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রাবেয়া ইসলাম শম্পার ওই পোস্ট শেয়ার করে লেখেন,
“পরিবারের তথ্যমতে, উনি (শবনম খাদিজা) হাদি ভাইয়ের তিন বোনের কেউ নন।”
তার এই বক্তব্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
আবদুল্লাহ আল জাবেরের পোস্টের লিংক এখানে। একাধিক সংবাদমাধ্যমও বিষয়টি যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে। আরটিভিতে প্রকাশিত ‘ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের জন্য ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়’ শীর্ষক প্রতিবেদনে জানানো হয়, ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে এবং সংশ্লিষ্ট নারীকে ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে।
যমুনা টিভির প্রকাশিত এক সংবাদেও বলা হয়, ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।
সংবাদের লিংকসমূহঃ লিংক ১,লিংক ২, লিংক ৩।
হাদির পরিবারের সদস্যদের প্রকাশ্য বক্তব্য, ইনকিলাব মঞ্চের দায়িত্বশীল ব্যক্তির মন্তব্য এবং সংবাদমাধ্যমের অনুসন্ধান পর্যালোচনায় দেখা যায়, নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়া নারী ‘ শবনম খাদিজা’ হাদির বোন এমন দাবির পক্ষে কোনো প্রমাণ নেই।
অতএব, ‘শবনম খাদিজা শরীফ ওসমান হাদির বোন’ এই দাবি বিভ্রান্তিকর ও অসত্য।
