ইরানের হামলায় নেতানিয়াহুর মারা যাওয়ার খবরটি সত্য নয়
নেতানিয়াহু নিজেই ভিডিও প্রকাশ করে জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া তার কার্যালয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর দাবিকে ‘ভুয়া খবর’ বলে উল্লেখ করেছে। ফলে নেতানিয়াহুর মৃত্যুর দাবিটি ভিত্তিহীন গুজব।
ফ্যাক্টচেক
আরিফ মনোয়ার
3/16/20261 মিনিট পড়ুন


দাবিঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে যে, চলমান ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বা গুরুতর আহত হয়েছেন।
দাবির সূত্রপাতঃ
ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি কিছু গণমাধ্যমে ইঙ্গিতপূর্ণ প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে।
বিশেষ করে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার কথা উল্লেখ করা হয় এবং এতে নেতানিয়াহু নিহত বা আহত হতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়। তবে ওই প্রতিবেদনে হামলার নির্দিষ্ট প্রমাণ বা নেতানিয়াহুর ক্ষতির বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যকে কেন্দ্র করে নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার দাবি দ্রুত ছড়িয়ে পড়ে।
অনুসন্ধানঃ
দাবিগুলোর সত্যতা যাচাই করতে দেখা যায়, নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তার কার্যালয় এ দাবিকে 'ভুয়া খবর' বলে উল্লেখ করে।এছাড়া রয়টার্স এর প্রতিবেদনে জানা যায়, সোমবার (১৫ মার্চ) নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন নেতানিয়াহু। ভিডিওতে তাকে একটি ক্যাফেতে বসে কফি পান করতে এবং তার এক সহকারীর সঙ্গে কথা বলতে দেখা যায়।
ভিডিওতে সহকারী তাকে অনলাইনে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব সম্পর্কে প্রশ্ন করলে তিনি কফির কাপ হাতে নিয়ে বলেন—
“আমি কফির জন্য পাগল। আর জানেন কী? আমি আমার জনগণের জন্যও পাগল।”
ভিডিওটিতে তিনি হাত তুলে দেখান যে তার পাঁচটি আঙুল রয়েছে, যা দিয়ে তিনি জীবিত থাকার বিষয়টি ইঙ্গিত করার চেষ্টা করেন।
রয়টার্স জানিয়েছে, ভিডিওতে দেখা ক্যাফের অভ্যন্তরীণ দৃশ্য পুরোনো ছবি ও ক্যাফে কর্তৃপক্ষের প্রকাশিত ছবি-ভিডিওর সঙ্গে মিলিয়ে এর অবস্থান ও ধারণের সময় যাচাই করা হয়েছে।
এর আগে নেতানিয়াহুর কার্যালয় থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয় যে তিনি ‘অপারেশন রোরিং লায়ন’-এর অংশ হিসেবে জাতীয় স্বাস্থ্য কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন।
অতএব, দাবিটি মিথ্যা। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই ভিডিও প্রকাশ করে জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া তার কার্যালয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর দাবিকে ‘ভুয়া খবর’ বলে উল্লেখ করেছে। ফলে নেতানিয়াহুর মৃত্যুর দাবিটি ভিত্তিহীন গুজব।
