মোস্তাফিজ ইস্যুতে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার নামে প্রচারিত মন্তব্য ভুয়া
রোহিত শর্মার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মূলধারার গণমাধ্যম অনুসন্ধান এবং Aaj Tak (বাংলা)–এর ফ্যাক্টচেক রিপোর্ট অনুযায়ী,“One Sports” নামক ফেসবুক পেজ থেকে ছড়ানো ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও গুজব।
আব্দুর রাজ্জাক
1/12/20261 মিনিট পড়ুন


সম্প্রতি বাংলাদেশী ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান কে আইপিএল এ খেলায় নিষেধাজ্ঞা দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে পড়ে। এসময় রোহিত শর্মার একটি মন্তব্য ভাইরাল হয়। তবে চেকপয়েন্ট এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে ফটোকার্ডটি মিথ্যা এবং রোহিত শর্মা এ বিষয়ে কোন মন্তব্যই করেননি।
দাবির সূত্রপাতঃ এই দাবিটি সর্বপ্রথম করা হয়, “One Sports” নামক একটি ফেসবুক পেজ থেকে, পোস্ট লিংক। সেখানে দাবি করা হয়, ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা বলেছেন, “ বাংলাদেশ যদি ভারতের জন্য ভিসা বন্ধ করতে পারে তাহলে, বাংলাদেশীদের কোনো রকম চাল,ডাল, টাকা দিয়ে সাহায্য নয়, না খেতে পেলে সব ঠিক হয়ে যাবে।” পরবর্তিতে ফটোকার্ডটি ভাইরাল হলে এটি ভিন্ন ভিন্ন পেজ ও ব্যাক্তিগত প্রোফাইলে ছড়িয়ে পড়ে।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্যঃ এই দাবিটির সত্যতা যাচাইয়ে নেমে এমন কোনো মন্তব্যের অস্তিত্ব পায়নি চেক পয়েন্ট। রোহিত শর্মার ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে এমন কোনো মন্তব্য তিনি করেন নি। তাছাড়া রোহিত শর্মার ৪৫ মিলিয়ন ফলোয়ার যুক্ত ইনস্টাগ্রাম এবং এক্স একাউন্টে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া কী-ওয়ার্ড সার্চ করে গুগল, বিংসহ একাধিক জনপ্রিয় সার্চ ইন্জিনে খুঁজেও কোনো বাংলাদেশী,ভারতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে কোনো নিউজ পাওয়া যায় নি।
ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম aajtak (বাংলা) এ দাবিটি মিথ্যা বলে জানিয়েছে তাদের ফ্যাক্ট চেক রিপোর্টে। তারা জানায় আই পি এলে বাংলাদেশী ক্রিকেটারদের না খেলানো নিয়ে কোনো মন্তব্য করেন নি রোহিত-বিরাট। এমন দাবিকে মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করা হয় সেই রিপোর্টে,নিউজ লিংক।
রোহিত শর্মার নামে মোস্তাফিজুর রহমান ও আইপিএল–সংক্রান্ত যে মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, তা যাচাই করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। রোহিত শর্মার কোনো ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন মন্তব্য নেই এবং ভারতীয় বা আন্তর্জাতিক কোনো মূলধারার গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। উপরন্তু, ভারতীয় সংবাদমাধ্যম Aaj Tak (বাংলা)–এর ফ্যাক্টচেক রিপোর্টেও স্পষ্টভাবে দাবি করা হয়েছে যে, রোহিত শর্মা বা বিরাট কোহলি কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
অতএব, “One Sports” নামক ফেসবুক পেজ থেকে ছড়ানো ফটোকার্ডটি গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া তথ্য। পাঠকদের এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্টে বিশ্বাস না করে তথ্যের সত্যতা যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
