“বিএনপি যদি ফেরাতে চায়, তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে”- রুমিন ফারহানার নামে ছড়ানো খবরটি মিথ্যা।
মেইনস্ট্রিম দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এধরণের কোনো তথ্য পাওয়া যায় নি। কিছু অখ্যাত অনলাইন সংবাদমাধ্যমে এধরণের তথ্য প্রচার করা হলে রুমিন ফারহানা তার ব্যাক্তিগত ভেরিফাইড ফেইসবুক প্রোফাইল থেকে জানান খবরটি ভূয়া, এধরণের কোনো মন্তব্য তিনি করেন নি।
ফ্যাক্টচেক
আব্দুর রাজ্জাক
2/18/20261 মিনিট পড়ুন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘বিদ্রোহী’ হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হন রুমিন ফারহানা। তার পক্ষে নির্বাচনী প্রচারণায় থাকায় সরাইল উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১০ নেতাকে বহিষ্কার করেছিলো বিএনপি। ১২ তারিখ নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে গুন্জন উঠে রুমিন ফারহানাকে বিএনপিতে ফেরানোর। এরই প্রেক্ষিতে কিছু অনলাইন নিউজ পোর্টাল ফটোকার্ড ছড়ায় যেখানে রুমিন ফারহানা বলেন, “বিএনপি যদি ফেরাতে চায়, তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে”। তবে Check Point এর অনুসন্ধানে উঠে আসে রুমিন ফারহানার নামে ছড়ানো ফটোকার্ডটি ভূয়া, তিনি এধরণের কোনো মন্তব্য করেন নি।
দাবির সূত্রপাতঃ দাবিটি সর্বপ্রথম করা হয় ‘বার্তা বাজার’ নামক একটি অখ্যাত নিউজ পোর্টাল থেকে। যেখানে তারা, “বিএনপি যদি ফেরাতে চায়, তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবেঃ রুমিন ফারহানা ” শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করে, নিউজ লিংক।
বার্তা বাজারের নিউজটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে “Views Bangladesh” “Voice Bangla” নামক আরো কিছু অনলাইন নিউজ পোর্টাল একই শিরোনামে সংবাদ প্রকাশ করে, নিউজ লিংক ১,নিউজ লিংক ২।
এছাড়া একাধিক পেইজ এবং ব্যাক্তিগত ফেসবুক প্রোফাইলেও এ সংবাদটি ছড়ানো হয়, পোস্ট লিংক ১, পোস্ট লিংক ২।
অনুসন্ধানঃ রুমিন ফারহানার নামে ছড়ানো সংবাদটির ফ্যাক্টচেক করতে নেমে Check Point টিম এ ধরনের মন্তব্য সংক্রান্ত কোনো সংবাদ প্রথম সারির দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে পায় নি।
পরবর্তীতে সংবাদটি ছড়িয়ে পড়লে স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা তার প্রায় ৮ লাখ ফলোয়ারযুক্ত ভেরিফাইড ফেইসবুক পেইজে একটি পোস্ট করেন। যেখানে তিনি দাবি করেন এ ধরনের সংবাদ দেখে তিনি অবাক হন এবং এসব কিছুই তিনি বলেন নি, রুমিন ফারহানার পোস্ট লিংক।
এছাড়া এ সংক্রান্ত ভাইরাল হওয়া বেশিরভাগ নিউজের শিরোনামের সাথে সংবাদের কোনো সামঞ্জস্য পাওয়া যায় নি। শিরোনামে রুমিন ফারহানার নামে ছড়ানো মন্তব্যটির মূল সংবাদে কোনো উল্লেখ নেই। এবং তারা নির্ভরযোগ্য কোনো সোর্স দিতেও ব্যর্থ।
অতএব, রুমিন ফারহানার ব্যাক্তিগত ভেরিফাইড ফেইসবুক পেইজে দেওয়া পোস্ট ও প্রথম সারির গণমাধ্যমে কোনো তথ্য না পাওয়ায় এবং ভাইরাল ফটোকার্ডের সাথে মূল সংবাদের সামঞ্জস্যতা না থাকায় বোঝা যায় ফটোকার্ডটি ভূয়া এবং এ সংক্রান্ত প্রচারিত সংবাদগুলো মিথ্যা।
