হানিফ সংকেতের নামে ছড়িয়ে পড়া মন্তব্যটি ভূয়া ও অসত্য
হানিফ সংকেত তার ভেরিফাইড ফেসবুক পেইজে এ বিষয়ে একটি পোস্ট করেন। স্পষ্টভাবে জানান যে, এ ধরনের কোন মন্তব্য তিনি করেননি। তিনি আরো বলেন দীর্ঘ চার দশক ধরে আমি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা ও স্বাতন্ত্র্য বজায় রেখে সুস্থ সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছি। আমার প্রকৃত বক্তব্য, উক্তি বা ফটোকার্ড কেবল আমার নিজস্ব ভেরিফাইড (Verified) প্ল্যাটফর্ম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়।
ফ্যাক্টচেক
আরিফ মনোয়ার
3/30/20261 মিনিট পড়ুন


দাবিঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হয় যে, জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত বলেছেন—
“শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা হলো বাংলাদেশ গড়ার আর্টিস্ট।”
দাবির সূত্রপাতঃ
ফটোকার্ডটি ২৫ মার্চ (বুধবার) প্রথম প্রকাশ করে ফ্রিডম বাংলা নিউজ নামের একটি অনলাইন মাধ্যম। ফ্রিডম বাংলা নিউজের পোস্টটিতে এখনো পর্যন্ত ১ লাখ ২১ হাজারের বেশি রিয়েক্ট ও ৫ হাজারের বেশি শেয়ার হয়েছে।
এছাড়াও পরবর্তীতে একই ফটোকার্ড ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে ভাইরাল হয়।
অনুসন্ধানঃ
দাবিটির সত্যতা যাচাই করতে দেখা যায়, হানিফ সংকেত তার ভেরিফাইড ফেইসবুক পেইজে এ বিষয়ে একটি পোস্ট করেন। যেখানে তিনি স্পষ্টভাবে জানান যে, এ ধরনের কোন মন্তব্য তিনি করেননি।
পোস্টে তিনি বলেন,
“আমি দীর্ঘদিন ধরেই আমার অনুষ্ঠানের মাধ্যমে একটি কথা বলে আসছি—সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। দুঃখজনক হলেও সত্য, সম্প্রতি আমার কিছু শুভাকাঙ্ক্ষী ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ফটোকার্ড পাঠিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন।
উক্ত ফটোকার্ডের কথাগুলো আমার উপস্থাপনা শৈলীর অনুকরণে ছন্দবদ্ধভাবে লেখা হলেও, সেগুলোর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, কোনো রকম সত্যতা যাচাই না করেই অনেকে এই ফটোকার্ডগুলো শেয়ার করছেন, কমেন্ট করছেন এবং লাইক দিচ্ছেন।
দীর্ঘ চার দশক ধরে আমি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা ও স্বাতন্ত্র্য বজায় রেখে সুস্থ সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছি। আমার প্রকৃত বক্তব্য, উক্তি বা ফটোকার্ড কেবল আমার নিজস্ব ভেরিফাইড (Verified) প্ল্যাটফর্ম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়।” এছাড়া চেক পয়েন্ট মূলধারার কোন সংবাদ মাধ্যমে এধরণের সংবাদ খুঁজে পায়নি।
অর্থাৎ, হানিফ সংকেতের নামে প্রচারিত উদ্ধৃতিটি ভুয়া এবং তিনি নিজেই তা অস্বীকার করেছেন।
