সুরভীর বয়স ১৭ বছর নয়, বয়স নিয়ে যে দাবি করা হচ্ছে তা বিভ্রান্তিকর।

সরকারি everify.bdris.gov.bd অনুযায়ী সুরভীর জন্মনিবন্ধন ২০১৮ সালে সংশোধিত। এছাড়া কালিয়াকৈর থানায় আপোষনামায় তার বয়স ২১ বছর উল্লেখ রয়েছে, যেখানে সুরভী নিজেও উপস্থিত ছিলেন।অন্যদিকে, সুরভীর ফেসবুক প্রোফাইলে তার জন্মসাল ১৯৯৬ । অর্থাৎ, সুরভীর বয়স ১৭ বছর দাবিটি অসত্য।

ফ্যাক্টচেক

আব্দুর রাজ্জাক

1/7/20261 মিনিট পড়ুন

সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া সুরভীর বয়স ১৭ বছর বলে একাধিক ফেসবুক পোস্ট এবং সংবাদমাধ্যমে দাবি করা হয়। তবে চেক পয়েন্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, সুরভীর বয়স ১৭ বছর নয় এবং এই দাবিটি মিথ্যা।

দাবির সূত্রপাতঃ এই দাবিটি সর্বপ্রথম করা হয় 'July Revolutionary Alliance – JRA' এর ফেসবুক পেজ থেকে, পোষ্ট লিংক। সেখানে দাবি করা হয়, সুরভীর বয়স ১৭ বছর এবং আইন অনুযায়ী তিনি এখনো শিশু। অথচ পুলিশ তার বয়স ২১ দেখিয়ে তাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে। পেজটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশ ১৭ বছরকে ২১ বানিয়ে তাকে হয়রানি করে হাজতে পাঠিয়েছে।

এছাড়া এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্টে মেয়েটির বয়স ১৭ বলে দাবি করেন। পাশাপাশি 'The Delta Lens' নামক একটি পোর্টালেও মেয়েটির বয়স ১৭ বলে উল্লেখ করা হয় পোস্ট লিংক । এছাড়া আরো কয়েকটি ফেসবুক পোস্টে দাবি করা হয় সুরভীর বয়স ১৭ বছর লিংক ১, লিংক ২

অনুসন্ধানে প্রাপ্ত তথ্যঃ এই দাবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে:

  • জন্মনিবন্ধন যাচাই: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি জন্মনিবন্ধনে সুরভীর জন্মসাল ২০০৮ উল্লেখ করা হয়েছে। তবে সরকারি ওয়েবসাইট (everify.bdris.gov.bd) থেকে তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায়, তার জন্মনিবন্ধনটি ২০১৮ সালের মে মাসে সংশোধন করা হয়েছে।

  • স্থানীয় আপোষনামা: কালিয়াকৈর থানায় একজন সাব-ইন্সপেক্টরের উপস্থিতিতে মামলার বাদী ও বিবাদীদের মধ্যে হওয়া একটি স্থানীয় আপোষনামায় সুরভীর বয়স ২১ বছর উল্লেখ করা হয়। এ সময় সুরভী নিজেই সেখানে উপস্থিত ছিলেন।

  • ফেসবুক প্রোফাইল: সুরভীর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তার জন্মসাল ১৯৯৬ দেওয়া আছে। এছাড়া তার ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে ২০১৬ সালে। যদি বর্তমানে তার বয়স ১৭ হতো, তবে ২০১৬ সালে তার বয়স হতো মাত্র ৭-৮ বছর, যা ফেসবুকের অ্যাকাউন্ট খোলার নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

সুরভীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের তথ্য, আদালতের আপোষনামা এবং জন্মনিবন্ধন সংশোধনের তারিখ পর্যালোচনা করলে এটি স্পষ্ট যে, তার বয়স ১৭ বছর হওয়ার দাবিটি সঠিক নয়, বরং এটি একটি সুস্পষ্ট মিথ্যাচার।

উল্লেখ্য, সুরভীকে গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে চাঁদাবাজির অভিযোগে নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। পরবর্তীতে ৫ জানুয়ারি ২০২৬ (সোমবার) সন্ধ্যায় আদালত তার ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।


চেক পয়েন্ট

সঠিক সিদ্ধান্তের জন্য নির্ভরযোগ্য তথ্য যাচাই

আমাদের অনুসরণ করুন

verify@check-point.info

Copyright © 2025-26 CheckPoint

ইমেইল করুন