‘আব্দুল্লাহ আল জাবের’ গুলিবিদ্ধ হয়েছেন’ এই দাবি অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পর্যালোচনায় দেখা যায়, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে আন্দোলন দমনে পুলিশ গুলি চালিয়েছে এই দাবি পুলিশ, ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ এবং প্রধান উপদেস্টার ফেসবুক পেজ থেকে নাকচ করা হয়েছে।
ফ্যাক্টচেক
আরিফ মনোয়ার
2/6/20261 মিনিট পড়ুন


দাবিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হচ্ছে, শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আজ ৬ জানুয়ারি (শুক্রবার) যমুনার সামনে অনুষ্ঠিত আন্দোলনের সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে পুলিশ গুলি করেছে এবং তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে Check Point এর অনুসন্ধানে উঠে আসে যে দাবিটি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার।
দাবির উৎসঃ
এই দাবি প্রথমে আসে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে। উভয় জায়গায় প্রায় একই ভাষায় একটি পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল “জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা–শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।” পোস্টটি দ্রুত ভাইরাল হয়। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে একাধিক অনলাইন ও প্রিন্ট সংবাদমাধ্যম এই ফেসবুক পোস্ট উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করে। সংবাদের লিংক ১, লিংক ২, লিংক ৩।
সত্যতা যাচাইঃ
দাবিটির সত্যতা যাচাই করতে পুলিশ, সরকারি বিবৃতি এবং হাসপাতাল সূত্রের তথ্য পর্যালোচনা করে চেক পয়েন্ট।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিবৃতিতে জানায়, যমুনা ও আশপাশের এলাকায় আন্দোলন ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস শেল, সাউন্ড গ্রেনেড এবং ওয়াটার ক্যানন ব্যবহার করা হয়েছে। ডিএমপির বিবৃতি এখানে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও জানানো হয়, প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়। এ ঘটনায় কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি এবং ইনকিলাব মঞ্চের কেউ গুলিবিদ্ধ হননি।
এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে আসা কোনো রোগীর শরীরে গুলির আঘাত পাওয়া যায়নি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, অধিকাংশ আহত ব্যক্তি লাঠির আঘাতে আহত হয়েছেন। বুলেট বা পিলেটের আঘাতে আহত কোনো রোগী পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পর্যালোচনায় দেখা যায়, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে আন্দোলন দমনে পুলিশ গুলি চালিয়েছে এই দাবি পুলিশ, ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ এবং প্রধান উপদেস্টার ফেসবুক পেজ থেকে নাকচ করা হয়েছে।
অতএব, ‘আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন’ এই দাবি বিভ্রান্তিকর ও অসত্য।
